২০২৬ খ্রিষ্টাব্দের ২৫ মে থেকে ২০২৭ খ্রিষ্টাব্দের ২৫ মে, আগামী এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহের ত্রিশালে শনিবার সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্যাপন উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে তিনি এই ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, ‘আজকে আমি এখানে যখন অনুষ্ঠান দেখছিলাম তখন একটি বিষয় আমি চিন্তা করলাম এবং তারপর আমি মন্ত্রী সাহেবের সাথে, সচিব সাহেবের সাথে, উপদেষ্টা সাহেবের সাথে একটু আলাপ করলাম। আমি একটি প্রস্তাব রাখতে চাইছি যে ২৫ তারিখে কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী উপলক্ষে এই ২০২৬ খ্রিষ্টাব্দের ২৫ মে থেকে ২০২৭ খ্রিষ্টাব্দের ২৫ মে আগামী এক বছর আমরা নজরুল বর্ষ ঘোষণা করতে চাই।’
তিনি আরো বলেন, ‘শুধু ঘোষণাই করতে চাই না, আমি ওনাদেরকে বলেছি যে আলাপ–আলোচনা করে আমরা নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামকে তুলে ধরতে চাই। সেই জন্য আমি বলেছি যে আপনারা চেষ্টা করবেন বাংলাদেশের প্রতিটি জেলাতে যাতে আগামী এক বছর নজরুল ইভেন্ট বা এ রকম অনুষ্ঠান হয়। যাতে নতুন প্রজন্ম বুঝতে পারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। কবিকে যাতে নতুন প্রজন্ম ভালো করে চিনতে পারে, জানতে পারে, কবির সম্পর্কে ধারণা করতে পারে।’